কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, অল্পের জন্য বেঁচে গেলেন ৩০ যাত্রী

কক্সবাজারের রামু উপজেলায় ঢাকাগামী একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়দের তৎপরতায় বাসটিতে থাকা ৩০ যাত্রীকে জানালা ভেঙে নিরাপদে বের করে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে আইকন পরিবহনের বাসটিতে আগুন লাগে।

যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরুর কিছুক্ষণ পর বাসের ভেতরে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণের মধ্যে আগুন দেখতে পান যাত্রীরা। মুহূর্তেই বাসের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় সড়কের পাশে থাকা স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন। বাসের দরজা দিয়ে সবাইকে দ্রুত বের করা সম্ভব না হওয়ায় জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনতে শুরু করেন তারা। একে একে বাসে থাকা ৩০ যাত্রীই নিরাপদে বেরিয়ে আসেন। পরে তাদের সঙ্গে থাকা মালামালও বাস থেকে সরিয়ে নেওয়া হয়।

খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রামু হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক মোহাম্মদ পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করে।

আগুনে বাসটির যাত্রা বন্ধ হয়ে যাওয়ায় পরে বিকল্প পরিবহনের ব্যবস্থা করা হয়। সেই ব্যবস্থায় যাত্রীদের ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।

ঘটনার বিষয়ে আইকন পরিবহন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।