চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানায় ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর হন ওই শিক্ষার্থীরা। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নাফিসা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তার বাড়ি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলীর বাড়িতে। তার বাবা মামুন মিয়া ও মা মুক্তা বেগম।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে ক্রেনের ধাক্কায় গুরুতর আহত হন নাফিসা। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামে বন্যার কারণে ৩২টি বিষয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। গত বৃহস্পতিবার থেকে সেসব স্থগিত পরীক্ষা শুরু হয়। আজ ছিল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা।