ভারতের ওড়িশা রাজ্যের উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে বাংলাদেশিসহ ২৪ জন ক্রু ছিলেন।
শনিবার (২২ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানান ভারতীয় কর্মকর্তারা।
ভারতীয় কোস্টগার্ডের মুখপাত্র কমান্ড্যান্ট অমিত উনিয়ালের বরাতে রয়টার্স জানিয়েছে, ক্রুদের মধ্যে ২০ জন চীনের, তিন জন মিয়ানমারের ও একজন বাংলাদেশের নাগরিক। জাহাজটির নাম ‘এমভি ওশান উইনার’।
বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, জাহাজটি সিঙ্গাপুর যাচ্ছিল। এতে ৭২,১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। এগুলো ওড়িশা থেকে জাহাজটিতে ভরা হয়েছিল।
সরকারি কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, গত বৃহস্পতিবার প্যারাদ্বীপ বন্দর থেকে যাত্রা করে জাহাজটি। বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে এটি ডুবে যায়। জাহাজডুবির কারণ এখনো জানা যায়নি।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে গত শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে খবর পায় ভারতের সামুদ্রিক উদ্ধার সমন্বয় কেন্দ্র। শ্রী বিজয়পুরমে অবস্থিত এ সমন্বয় কেন্দ্রের কাছে জাহাজটির সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান উদ্ধার সহায়তার অনুরোধ জানায়।
এরপর কাছাকাছি থাকা ‘এমটি আইসোপোস’ নামের একটি বাণিজ্যিক জাহাজকে ঘটনাস্থলের দিকে পাঠানো হয়। পরে রাত আটটার দিকে দুজনকে উদ্ধার করে তারা। অন্য ক্রুদের উদ্ধারে অভিযান চলছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার অভিযানে ভারতীয় কোস্টগার্ডের ‘বরদ’ ও ‘অনমোল’ নামের দুটি উদ্ধারকারী জাহাজ মোতায়েন করা হয়েছে। শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের আরও একটি জাহাজ পাঠিয়ে অভিযান জোরদার করা হয়েছে।
ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে এ উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
জাহাজে থাকা নাবিক ও ক্রুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্যারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ক্যাপ্টেন অলেখ চরণ।