সচ্ছল জীবনের আশায় চার বছর আগে ওমানে পাড়ি জমিয়েছিলেন কিশোরগঞ্জের হোসেনপুরের মনিরুজ্জামান বিপ্লব (৪৮)। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি এবং নিয়মিত দেশে টাকা পাঠাতেন। কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানোর সেই লড়াই থেমে গেল হৃদরোগে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে ওমানের একটি হাসপাতালে মারা গেছেন তিনি।
বিপ্লব হোসেনপুর পৌরসভার জামাইল এলাকার বাসিন্দা। দেশে তার মা, স্ত্রী সোমা আক্তার, দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।
বিপ্লবের ফুপাতো ভাই কাউসার টিটু জানান রবিবার রাতে স্ত্রীকে ফোন করে বুকে প্রচণ্ড ব্যথার কথা জানিয়েছিলেন বিপ্লব। পরে তাকে ওমানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সোমবার সকালে তিনি মারা যান। এক সহকর্মীর ফোনে মৃত্যুর খবর পেয়ে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
কাউসার টিটু আরও জানান, খবর পেয়ে তিনি কিশোরগঞ্জ শহর থেকে বিপ্লবের বাড়িতে ছুটে যান। তবে শোকাহত স্বজনদের কোনোভাবেই সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। বিপ্লবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ জন্য সরকারের সহযোগিতা চেয়েছে তার পরিবার।



