কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক এলাকার ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ছয় পর্যটকের পরিচয় প্রকাশ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে ঘটা এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ঢাকার চার নারী, চুয়াডাঙ্গার এক নারী ও পাঁচ বছর বয়সি এক শিশু রয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন- ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও পাঁচ বছর বয়সি ফায়িজান আহম্মেদ।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কাঠের তৈরি ওই রিসোর্টটিতে মোট ৯টি কক্ষ ছিল। শুক্রবার রাতে কিছু পর্যটক চেকআউট করলেও শনিবার সকালে আগুন লাগার সময় বাকি ছয়টি কক্ষে মোট ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন। সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং বেলা ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে প্রথমে পাঁচজনের এবং পরবর্তীতে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।
এই অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত হয়েছেন আরও ছয়জন। তারা হলেন- মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সবুক্তগীন মাহমুদ সোহেল জানান, দগ্ধ পাঁচজনের শরীরের প্রায় ৫ শতাংশ পুড়ে গেছে এবং তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া পড়ে গিয়ে আহত অপর ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রিসোর্টে অবস্থানরত বাকি পর্যটকদের বিষয়ে নিশ্চিত তথ্য পেতে এবং আগুনের সঠিক সূত্রপাত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।



