Saturday, October 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইনানীতে রিসোর্টে আগুন, মৃত্যু ও নিখোঁজের স্পষ্ট তথ্য নেই

অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ এএম

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ ঘটনায় অন্তত সাতজন পর্যটক নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন টুপটুপ নামের রিসোর্টটিতে আগুন লাগে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এ সময় পর্যন্ত কোনো মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়নি।

সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‌‌‘‘আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার করা হয়নি। কতজনের মৃত্যু হয়েছে, সে তথ্যও পুলিশের কাছে নেই। তবে আগুনে পুড়ে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় লোকজনের মুখে শোনা যাচ্ছে।’’

স্থানীয় লোকজন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা শুরু করেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত সাতজন পর্যটক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা রিসোর্টের ভেতরে আটকা পড়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশও রয়েছে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিখোঁজ পর্যটকদের পরিচয় এবং স্থানীয় সূত্রে মৃত্যুর খবর পাওয়া পাঁচজনের পরিচয়ও জানা যায়নি।

   

About

Popular Links

x