কক্সবাজারের ইনানীতে 'টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্ট'-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার ওই রিসোর্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদের মধ্যে নিহত নাসরিন আক্তার মুক্তা (২৯) পেশায় স্কুলশিক্ষক ছিলেন, তিনি ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী বলে জানা গেছে।
এ বিষয়ে ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি বাদল হোসেন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রিসোর্টটিতে ফয়সালের স্ত্রীসহ তিন বান্ধবী উঠেছিলেন। শনিবার সকালে তার দুই বান্ধবী ঘুরতে বাইরে বের হন। তবে নিহত নাসরিন আক্তার রুমের ভেতরেই ছিলেন।
নিহত নাসরিন আক্তারের স্বামী ও ছাত্রদল নেতা দেওয়ান ফয়সালের সঙ্গে ফোনালাপে জানা যায়, গত বৃহস্পতিবার তার স্ত্রী ও ছোটবেলার বান্ধবীরা মিলে একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন কক্সবাজার। রবিবার তাদের ফিরে আসার কথা ছিল বলেও জানান তিনি।
ঘটনাস্থল থেকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, ঘটনার পর সেখানে উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। তবে ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না।



