গাজীপুরে ঝুট গুদামে আগুন, মালামাল পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুরে একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে থাকা মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার (২৩ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (দারোগারচালা) এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নুরুল করিম জানান, পৌরসভার দারোগারচালা এলাকায় স্থানীয় চারজন ব্যবসায়ী কারখানার বিভিন্ন ওয়েস্টেজ মালামাল কেনাবেচার ব্যবসা করেন। তারা একটি গুদাম ভাড়া নিয়ে মালামাল মজুদ করে রাখতো।

ভোরে গুদামে আগুন লাগে এবং মুহূর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদামে থাকা মালামাল পুড়ে গেছে।

তিনি আগুন লাগার সম্ভাব্য কারণ উল্লেখ করে জানান, গুদামের মালামাল আনা নেওয়ার কাজে একটি অটোরিকশা ব্যবহার করা হতো। ওই অটোরিকশাটি গুদামের ভেতরে চার্জে দেওয়া ছিল। ধারণা করা হচ্ছে, অটোরিকশা থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে।