Friday, August 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মায়ের মৃত্যু

ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পিবিআই

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৯:২৯ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে আতাউর রহমান নামে এক অটোরিকশাচালককে হত্যা করা হয়েছে। ছেলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছামাত্রই জ্ঞান হারিয়ে মৃত্যুবরণ করেন তার মা। পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পিবিআই।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে রক্তাক্ত অবস্থায় আতাউর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতাউর রহমান উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি ছিলেন ব্যাটারিচালিত অটোরিকশাচালক। পুলিশ স্বজনদের ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।

নিহতের মামাতো ভাই আকরাম হোসেন জানান, প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন আতাউর রহমান। রাতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনে ছেলের ফুফু জহুরা খাতুন চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। আকরাম হোসেন জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন জহুরা খাতুন। তার ধারণা, ছেলের মৃত্যুর শোক সইতে না পেরেই তিনি মারা যান। পুলিশের সঙ্গে কথা বলে এবং ঘটনার প্রেক্ষাপট বিবেচনায় তারা ধারণা করছেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তার ভাইকে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও জানান আকরাম।

কাপাসিয়া আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের শিমুলতলী সড়কের ফাঁকা স্থান থেকে উদ্ধার করা হয় অটোরিকশাচালকের মরদেহ। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। রহস্য উদঘাটন জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।“

তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে যোগাযোগ করা হয়েছে এবং জানাজা-দাফন শেষে শুক্রবার তারা থানায় আসবেন বলে জানিয়েছেন।

গাজীপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার রকিবুল আফসার জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং একাধিক টিম দ্রুত রহস্য উদঘাটনে কাজ করছে।

   

About

Popular Links

x