ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার, নেপথ্যে কী

ঢাকায় অবস্থিত চীন ও রাশিয়ার দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকির বার্তা পাঠানোর ঘটনায় বারিধারা ও গুলশান এলাকার পুরো কূটনৈতিক অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (এডিসি) আবু খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা আবু খায়ের জানান, চীন ও রাশিয়া দূতাবাসকে ই-মেইলে হুমকি দেওয়া হয়েছে। কূটনৈতিক নিয়ম অনুযায়ী দূতাবাসগুলো বিষয়টি প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তর এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে বিষয়টি জানানো হলে তাৎক্ষণিকভাবে কূটনৈতিক পাড়ায় নজরদারি ও মনিটরিং বাড়ানো হয়।

হুমকির উৎস সম্পর্কে তিনি বলেন, "বিষয়টি নিয়ে এখনো থানায় লিখিত কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি কোনো ভুয়া ই-মেইল বা স্ক্যাম হতে পারে।"

লিখিত অভিযোগ পাওয়া না গেলেও কোনো ধরনের ঝুঁকি না নিয়ে কূটনৈতিক এলাকার সুরক্ষায় প্রচলিত নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।