অতিরিক্ত আইজিপি হলেন বাংলাদেশ পুলিশের পাঁচ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেড-২ পদে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক মো. সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসান, গাজীপুর মহানগর পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে দ্রুত যোগদানপত্র দাখিল করতে হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।