খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, একই পরিবারের তিনজন হাসপাতালে

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে বসতঘর থেকে নগদ ৭০ হাজার টাকা সোনার কানের দুল চুরির অভিযোগ উঠেছে। রবিবার (২৩ আগস্ট) ভোরে উপজেলার চাড়খালী গ্রামে এই ঘটনা ঘটে।

অসুস্থ তিন সদস্য হলেন ব্যবসায়ী আমির হোসেন (৪৫), তার স্ত্রী মাহিনুর বেগম (৪০) ছেলে তাওহীদ (১৬) বর্তমানে তারা পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের অভিযোগ, তাদের অচেতন অবস্থার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ট্রাংকের তালা ভেঙে টাকা স্বর্ণালংকার নিয়ে যায়।

প্রতিবেশী স্বজনদের বরাতে জানা যায়, সকালে বাড়ির সদস্যদের ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকা হয়। তখন তিনজনকে ঘরের বিভিন্ন স্থানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। জাগানোর পর তারা ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না, পরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

প্রতিবেশী গৃহবধূ সাথী আক্তার জানান, সকালে তার শাশুড়ি পরিবারটিকে ডাকাডাকি করার সময় দরজা-জানালা বন্ধ পান। দরজা খুলতে গিয়ে তিনি নিজেও পড়ে যান, পরে ভেতরে ঢুকে দেখেন ঘরের সবকিছু এলোমেলো এবং তিন সদস্য তিন জায়গায় পড়ে আছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আমির হোসেন বলেন, “রাত আটটার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর সকাল নয়টা পর্যন্ত আমাদের কোনো হুঁশ ছিল না। ঢাকায় কর্মরত আমার বড় ছেলে মিরাজ প্রতিবেশীদের কাছ থেকে ফোনে খবর পান।“ তিনি জানান, ঘরে রাখা ৭০ হাজার টাকা, সোনার কানের দুলসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহব্বত খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।