টাঙ্গাইলে স্ত্রীকে হত্যা দায়ে স্বামীর যাবজ্জীবন

টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আব্দুল গফুর (৪২) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মালেঙ্গা গ্রামের বাসিন্দা।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ হাফিজুর রহমান এ রায় দেন।

টাঙ্গাইলের পিপি শফিকুল ইসলাম রিপন জানান, প্রায় ৩০ বছর আগে আসামি আব্দুল গফুরের সঙ্গে ঘাটাইলের মাকড়াই গ্রামের মৃত কোপাত আলীর মেয়ে সেলিনা খাতুনের বিয়ে হয়। পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত।

বিগত ২০২২ সালের ২০ নভেম্বর সন্ধ্যায় সেলিনা নিখোঁজ হন। পরদিন ২১ নভেম্বর বিকেলে মাকড়াই গ্রামের একটি জঙ্গলের ডোবা থেকে সেলিনার লাশ উদ্ধার করে পুলিশ। পারিবারিক বিরোধের জের ধরে সেলিনা খাতুনকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী আব্দুল গফুর। এ ঘটনায় সেলিনার ভাই আব্দুল মান্নান ২২ নভেম্বর ঘাটাইল থানায় মামলা করেন।

পরে পুলিশ গফুরকে গ্রেপ্তার করলে তিনি আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। একই বছর ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট দেয় পুলিশ। বিচার শেষে আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জোবায়ের হোসেন জয়।