ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জাতীয় সংসদ ভবন ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে বলে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া অধিবেশন চলাকালে আইনশৃঙ্খলা ও জনশৃঙ্খলা বজায় রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা জারি থাকা এলাকাগুলোতে যেকোনো ধরনের জনসমাবেশ, মিছিল ও শোভাযাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন করাও আইনত দণ্ডনীয় হবে।
যেসব এলাকা নিষেধাজ্ঞার আওতায় পড়েছে, তার মধ্যে রয়েছে, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত; বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত; পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত।
এ ছাড়া মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি ১৬ (পুরনো ২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উত্তরা জাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভেনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এসব সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিপথও এর আওতায় থাকবে।