দিনাজপুরে কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সরকারি সার গুদাম থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ৩২৭.৪৫ মেট্রিক টন সার বিক্রির অভিযোগে স্টোরকিপার আকতারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্রি করা সারের আনুমানিক মূল্য ৭৫ লক্ষ টাকা।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্টোরকিপার আকতারুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে, সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নশিপুর এলাকায় বিএডিসির ওই গুদামে অভিযান চালিয়ে স্টোরকিপারকে গ্রেপ্তার করা হয়।
পরে গুদামটি সিলগালা করে দেয় প্রশাসন। এদিকে অবৈধভাবে কেনা ৫৫৮ বস্তা এমওপি সার জেলার বীরগঞ্জ ও কাহারোল উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে।
অনুমোদন ছাড়া সার বিক্রির খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহুল আমিন শরীফ এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী ওই বিএডিসি গুদামে অভিযান চালান। এ সময় স্টোরকিপার আকতারুলকে আটক করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন শরীফ সংবাদমাধ্যমকে বলেন, “অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ সার বিক্রির খবর পেয়ে সোমবার সন্ধ্যায় নশিপুর গুদামে অভিযান চালানো হয়। এ সময় প্রাথমিকভাবে সারের মজুতে গরমিল পাওয়া গেলে স্টোরকিপার আকতারুলকে আটক এবং গুদামটি সিলগালা করা হয়।”
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকতারুল গত জুলাই ও আগস্ট মাসে অনুমোদন ছাড়াই গুদাম থেকে ২২৭ টন সার বিক্রির কথা স্বীকার করেছেন। বিএডিসির চুক্তিবদ্ধ দুই ডিলার বীরগঞ্জের সোহাগ হোসেন ও কাহারোলের আনসারুল ইসলামের কাছে এসব সার বিক্রি করা হয়েছিল।
ওসি আরও জানান, এ ঘটনায় বিএডিসির সহকারী পরিচালক (সার) মো. খুরশীদ আলম বাদী হয়ে আকতারুল ইসলামকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
এদিকে গতকাল রাতে বীরগঞ্জে ডিলার সোহাগ হোসেনের গুদামে অভিযান চালিয়ে ৪৫০ বস্তা এমওপি সার জব্দ করা হয়।
বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বাদশা রনি জানান, অবৈধভাবে সার রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত গুদামের ব্যবস্থাপক জনি ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের কারাদণ্ড দিয়েছেন।
অন্যদিকে কাহারোল থানার ওসি সেলিমুর রহমান জানান, ডিলার আনসারুল ইসলামের দুটি গুদামে অভিযান চালিয়ে ১০৮ বস্তা এমওপি সার উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে সার মজুত করায় ওই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।