সারা দেশে বৃষ্টির আভাস, দুই দিন অব্যাহত থাকতে পারে বর্ষণ

মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় আজ বুধবার সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোনো কোনো অঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবারও এই ধারা অব্যাহত থাকতে পারে।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, প্রথম ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এদিনও তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে টেকনাফে, ৩৯ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহী, শ্রীমঙ্গল, যশোর ও চুয়াডাঙ্গায়, আর সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সিলেটে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঝাড়খন্ড সংলগ্ন এলাকার লঘুচাপটি উত্তর-পশ্চিমে সরে বর্তমানে মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্র, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থানে রয়েছে।