চট্টগ্রামে শুল্ক ফাঁকির অভিযোগে বিএমডব্লিউ গাড়ি জব্দ

চট্টগ্রামে মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকির অভিযোগে একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল নগরের রহমতগঞ্জের সাত্তার মঞ্জিল (বিটিআই ভবন) থেকে পার্কিংয়ে থাকা চট্টগ্রাম মেট্রো-গ-১১-৩৬৫১ নম্বরের বিএমডব্লিউ গাড়িটি জব্দ করে।

চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহমেদ জানান, অভিযানে গাড়িটির বর্তমান মালিক মোহাম্মদ আইয়ুব দেশের বাইরে থাকায় তার স্ত্রী সুলতানা ফারহানা জাহানের কাছে গাড়িটির ক্রয় ও আমদানি সংক্রান্ত কাগজপত্র চাওয়া হয়। তবে তিনি এ সংক্রান্ত কোনো দলিল বা তথ্য কর্মকর্তাদের কাছে উপস্থাপন করতে পারেননি। অভিযানের সময় কাস্টমস গোয়েন্দা ও র‍্যাবের কর্মকর্তারা একাধিকবার গাড়িটির চাবি চাইলে তা দিতে অস্বীকৃতি জানানো হয়।

গাড়িটির আমদানি-সংক্রান্ত কোনো দলিল না থাকা, সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য না পাওয়া এবং গাড়ির চাবি দিতে অস্বীকৃতির পর গাড়িটি জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা, ভিন্নতর উপায়ে বা চোরাচালানের মাধ্যমে গাড়িটি আমদানি এবং দলিলপত্র জালিয়াতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।