জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে ছেলেরও মৃত্যু

গোপালগঞ্জ সদর উপজেলায় জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বড়ফা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চর বড়ফা গ্রামের এনায়েত খাঁ (৪০) এবং তার ছেলে মেহেদী হাসান খাঁ (১০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে বৈদ্যুতিক সংযোগ নিয়ে মোটরের মাধ্যমে নিজেদের কৃষিজমিতে পানি দিতে যান এনায়েত খাঁ ও তার ছেলে মেহেদী হাসান। মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত এনায়েত খাঁ বিদ্যুতায়িত হন। বাবাকে বাঁচাতে গিয়ে মেহেদী হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরে এনায়েত খাঁর স্ত্রী ঘটনাস্থলে গিয়ে বাবা ও ছেলেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্বজনরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার এ কে এম সিরাজুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় বাবা ও ছেলেকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “নিজেদের জমিতে পানি দিতে গিয়ে এনায়েত খাঁ ও তার ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।