ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার আন্ডারপাসে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেল চালক কাউছার আহমেদ রাতুল (১৭)। তিনি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের প্রবাসী শাহাদাত সর্দারের ছেলে। অপর নিহত মোটরসাইকেল আরোহী তার বন্ধু রাজু মাতুব্বর (১৮)। তিনি ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের কাওছার মাতুব্বরের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল জানান, ঢাকা থেকে ফরিদপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার আন্ডারপাস অতিক্রমের সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন। পরে বাসটি ঘটনাস্থল থেকে চলে যায়।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। গুরুতর আহত দুইজনকে প্রথমে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সময় পথিমধ্যেই তাদের মৃত্যু হয়।
উপপরিদর্শক সোহেল আরও জানান, নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি আটকের জন্য পুলিশ কাজ করছে।



