Friday, October 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইউরোপের তিন দেশ থে‌কে ফেরত পাঠানো হ‌লো ৩৫ বাংলাদেশিকে

শুক্রবার সকালে একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৬ পিএম

ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের (ফ্রন্টেক্স) ব্যবস্থাপনায় শুক্রবার একটি প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনা করা হয়।

ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকাল সোয়া আটটার দিকে পিভিজি ৯৪৪৫ নম্বর ফ্লাইটে দেশে ফেরেন এই বাংলাদেশিরা। তাদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন।

বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং বাড়ি ফেরার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ কাজে সহযোগিতা করেছে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসীকল্যাণ ডেস্ক। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এর আগে, অনিয়মিতভাবে ইউরোপে অবস্থান করা বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়ে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) চুক্তি করে বাংলাদেশ সরকার। এ চুক্তির আওতায় এ পর্যন্ত প্রায় ৫,০০০ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ফিরেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্স থেকে।  

   

About

Popular Links

x