Friday, October 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবারও দোকানপাট ও বিপণি বিতান রাত ৮টায় বন্ধ

শুক্রবার থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এসব প্রতিষ্ঠান

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পিএম

আজ থেকে দোকানপাট, মার্কেট ও শপিং মল রাত ৮টায় বন্ধ করতে হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ ছাড়ের মেয়াদ শেষ হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) থেকে এসব প্রতিষ্ঠান আগের সময়সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এতে আগের তুলনায় দুই ঘণ্টা আগে বন্ধ করতে হবে দোকানপাট ও বিপণি বিতান।

বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে চলতি বছর কয়েক দফায় দোকানপাট বন্ধের সময় নির্ধারণ করেছে সরকার। সর্বশেষ গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্তে দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ায় আজ থেকে আগের নিয়মে ফিরছেন ব্যবসায়ীরা।

এর আগে জ্বালানি সংকটের কারণে বিদ্যুতের ব্যবহার কমাতে ২০২৬ সালের এপ্রিলের শুরুতে দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়েছিল।

ঈদ-উল-আজহা সামনে রেখে গত ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। এরপর জুনে বন্ধের সময় রাত ৯টা নির্ধারণ করা হয়। পরে গত ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যেই দোকানপাট বন্ধের সময় আরও এক ঘণ্টা এগিয়ে রাত ৮টা করা হয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট, মার্কেট ও শপিং মল খোলা রাখার নিয়ম চালু ছিল। দুর্গাপূজা উপলক্ষে দেওয়া বিশেষ ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় আজ থেকে আবারও ওই সময়সূচি কার্যকর হচ্ছে।

   

About

Popular Links

x