মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে যা বলল ভারত

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বাংলাদেশ, আর এই অবস্থানের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গতকাল সংসদে বলেন, “বাংলাদেশ যদি এই চুক্তিতে যোগ দেওয়ার প্রস্তাব পায়, তাহলে বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখা হবে।” এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বলেছিলেন, “মধ্যপ্রাচ্যের কোনো নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হওয়ার আমন্ত্রণ পেলে বাংলাদেশ তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।”

এই বক্তব্য নিয়ে আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে প্রশ্ন করেন সাংবাদিকরা, বিশেষত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সংসদে দেওয়া মন্তব্যটির প্রসঙ্গ তুলে ধরে। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “তাদের জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে এমন সব বিষয়ের ওপর তারা সার্বক্ষণিক নজর রাখেন।”

একই সংবাদ সম্মেলনে রংপুরে এক শিক্ষক ও তার স্ত্রী-সন্তানদের হত্যাকাণ্ড নিয়েও প্রশ্ন করা হয় রণধীরকে। জবাবে তিনি বলেন, “বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন, তবে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের।”

এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ যদি চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ বা আনুষ্ঠানিক প্রস্তাব দেয়, তাহলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করা হবে।” তিনি জানান, এই প্রতিরক্ষামূলক কাঠামোর লক্ষ্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা, এবং এটি এমন একটি ক্রমবিকাশমান নিরাপত্তা কাঠামো, যেখানে সেসব দেশ যুক্ত হতে পারবে যারা যৌথ দায়িত্ব ও নিরাপত্তার প্রতি একই অঙ্গীকার প্রকাশ করে। তবে তিনি স্পষ্ট করেন, চুক্তিটি এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।