খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপির বন্ধ কার্যালয়ের সামনের সড়কে গভীর রাতে ২টি ককটেল বিস্ফোরণ ঘটেছে।
শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে কার্যালয়টি লক্ষ্য করে ককটেল হামলা হয়।
খুলনা মহানগর বিএনপির দপ্তর সেলের প্রধান শরিফুল ইসলাম টিপু ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি বলেন, “বিকট শব্দে ককটেল বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন খুলনা মহানগর বিএনপির উর্ধ্বতন নেতৃবৃন্দ।”
এদিকে ঘটনার খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও পরিস্থিতি পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে অভিযান শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, “গভীর রাতে বন্ধ থাকা ২১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনের সড়কে ২টি ককটেল বিস্ফোরণ ঘটে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানার জন্য তদন্ত চলছে।”