রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ টান দেওয়ায় রিকশা থেকে পড়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষকের নাম, মোসা. রনজিনা পারভীন। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
জানা গেছে, রাতে বগুড়া থেকে চিকিৎসককে দেখাতে রওনা দেন তিনি। পরে ভোরের দিকে গাবতলী বাস টার্মিনাল নামেন। এরপর রিকশায় করে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা পর্যন্ত যাওয়ার পর পেছন থেকে মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এতে পড়ে গিয়ে মাথা ফেটে যায় তার।
ঘটনাস্থল থেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, জড়িতদের শনাক্ত করতে কাজ করা হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা যাবে।



