Saturday, August 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার, তবে অনুষ্ঠান করতে পারছে না এনসিপি

এনসিপিকে সেখানে অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন  ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া সংক্রান্ত বক্তব্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির ঘটনায় এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করায় নিজেদের প্রতিবাদী কর্মসূচি প্রত্যাহার করেছে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদ। তবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কোনো রাজনৈতিক সভা-সমাবেশ করার সুযোগ নেই জানিয়ে এনসিপিকে সেখানে অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জেলা প্রশাসক।

শনিবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে এক দ্বিপাক্ষিক আলোচনার পর কর্মসূচি প্রত্যাহারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায় কওমি ছাত্র ঐক্য পরিষদ।

ঘটনাসূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে এক সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার আয়োজন করা হয়েছিল। কিন্তু শুক্রবার মধ্যরাতে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে কওমি ছাত্র ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল করে এবং তিনি ক্ষমা না চাইলে এনসিপির উক্ত অনুষ্ঠান প্রতিহতের ঘোষণা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে আজ বিকেল ৩টায় একই স্থানে তারা পাল্টা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দিলে উত্তেজনা তৈরি হয়।

পরবর্তীতে হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখ প্রকাশ ও অবস্থান ব্যাখ্যা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক জানান, হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করায় তাদের পূর্বঘোষিত সকল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে এনসিপির সাংগঠনিক কর্মসূচিতে তাদের কোনো প্রকার আপত্তি বা বাধা থাকবে না।

অন্যদিকে এনসিপির দলীয় কর্মসূচির স্থান প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ জানান, এনসিপি জেলা শিল্পকলা একাডেমিতে একটি সাধারণ ঘরোয়া অনুষ্ঠান করার কথা জানিয়েছিল। সেখানে যে কোনো ধরনের রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হবে, এমন তথ্য আগে থেকে দেওয়া হয়নি। শিল্পকলা একাডেমি কোনো রাজনৈতিক কার্যক্রমের জায়গা নয়। বিধায় এনসিপিকে সেখানে রাজনৈতিক সভা করার অনুমতি দেওয়া সম্ভব নয় এবং তারা সেখানে এই অনুষ্ঠান করতে পারবে না।

   

About

Popular Links

x