ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে কসবা সদরের কদমতলী এলাকায় প্রায় দেড় ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে কিছুদিন ধরেই কসবা উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে ঘিরে এদিন বিকেলে সেই উত্তেজনা চরমে ওঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা কবির আহমেদের পক্ষের নেতাকর্মীরা দিবসটি উপলক্ষে র্যালি বের করেন। অন্যদিকে, বর্তমান সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। দুই পক্ষ কদমতলী এলাকায় মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়।
এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পাল্টাপাল্টি হামলা চলে। সংঘর্ষের মধ্যে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পৌর শহরের লোকজন দিগ্বিদিক ছুটে নিরাপদ আশ্রয়ে চলে যান।
সংঘর্ষে আহত অন্তত ১০ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে কসবা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় পৌর এলাকার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।



