Sunday, November 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর

শফিকুল ইসলাম খান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা–১৮ আসনের এমপি 

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঢাকা মহানগর উত্তরের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানকে (মিল্টন)। আর সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে। 

পুরনো আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণার এক মাসের বেশি সময় পর নতুন নেতৃত্ব পেল বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখা। 

রবিবার (১ নভেম্বর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ২ সপ্তাহের মধ্যে এই শাখায় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। 

শফিকুল ইসলাম খান যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিবের দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি। 

এস এম জাহাঙ্গীর হোসেন ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। 

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। ওই দিন দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। আমিনুল হক ওই কমিটির আহ্বায়ক এবং মোস্তফা জামান সদস্যসচিব ছিলেন। 

   

About

Popular Links

x