Monday, October 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

রিজভী: ফ্যাসিবাদী আমলের পুনরাবৃত্তি করা যাবে না

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমরা শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী 

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পিএম

বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী। সুতরাং কোনোভাবেই ফ্যাসিবাদী আমলের লুটপাট ও অরাজকতার পুনরাবৃত্তি করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। হান্নান শাহ স্মৃতি সংসদ এই স্মরণসভার আয়োজন করে। 

রুহুল কবির রিজভী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘‘সাধারণ ভোটাররা যেন দেখে বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত সহনশীল এবং তারা ফ্যাসিবাদী আমলের মতো কোনো আচরণ করছে না।’’ 

তিনি আরও বলেন, ‘‘বিগত সরকার দেশ থেকে টাকা লুট করেছে, মানুষের জায়গা লুট করেছে, এমনকি গোয়ালঘরের গরুও দখল করেছে। গোটা দেশে অরাজকতা সৃষ্টি করে তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। কিন্তু বিএনপি সেই পথে হাঁটবে না, বরং শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠা করবে।’’ 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘‘প্রত্যেক কর্মীকে সহিষ্ণুতার সঙ্গে কাজ করে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। কে কী পেল বা পেল না, তা নিয়ে মেতে না থেকে, পদ-পদবির দিকে না তাকিয়ে সরকারের ভাবমূর্তি রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে।’’ 

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে রিজভী বলেন, ‘‘পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা নানাভাবে নাশকতা করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করতে পারে। তাই আমাদের ঘুমহীন প্রহরীর মতো থাকতে হবে।’’ 

সংসদ সদস্য ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা। 

   

About

Popular Links

x