Wednesday, November 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, আটক ১

আধিপত্য বিস্তার ও এলাকার নিয়ন্ত্রণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২ জনের অবস্থা গুরুতর

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম

পিরোজপুর পৌর এলাকায় আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে ধারালো অস্ত্রের আঘাতে দুজন গুরুতর জখমসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. নাফিস আহমেদ সিয়াম নামে এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

‎​মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

‎​সংঘর্ষে আহতরা হলেন—পিরোজপুরের জিয়ানগর উপজেলার জিহাদ মাতুব্বর (২০), পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের নাইম (১৯), মাছিমপুর গ্রামের শান (১৮), কালিবাড়ি এলাকার তাশফি (১৯) এবং শিকারপুর গ্রামের নিরব (১৯)।

‎​আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কুপিয়ে গুরুতর জখম করা জিহাদ মাতুব্বরের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

‎​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। এর জেরে গত সোমবার সন্ধ্যায় এক পক্ষ অপর পক্ষের এক সদস্যকে হাতুড়িপেটা করে। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

‎​পিরোজপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শাওন (বাবু) বলেন, “ছাত্রদল থেকে ইতিপূর্বে বহিষ্কৃত নাফিস আহমেদের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে এসে হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আমাদের কর্মীদের জখম করে।”

‎​ঘটনার বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, “আমি বর্তমানে সাংগঠনিক কাজে ঢাকায় অবস্থান করছি, তবে ঘটনাটি জেনেছি। অভিযুক্তদের মধ্যে একজন আগেই দল থেকে বহিষ্কৃত। এ ঘটনায় ছাত্রদলের বর্তমান কোনো নেতা-কর্মী জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

‎​পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসস্ট্যান্ড এলাকায় মারামারির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

   

About

Popular Links

x