সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বিমানবন্দর থানা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন এবং সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন শান্তকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) শিবলী সাদিক শিবলুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন এই বহিষ্কার আদেশ অনুমোদন করেছেন। একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত এই দুই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর স্বজনের কাছ থেকে ২০০ গ্রাম সোনার গহনা ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের ওই দুই শীর্ষ নেতাসহ মোট তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক বেগ জানান, গত ২৯ আগস্ট মো. সুমন নামে এক ভুক্তভোগী বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ৪৬)। প্রবাসীর ভাইয়ের দায়ের করা সেই মামলাতেই তাদের গ্রেপ্তার করা হয়। ছিনতাইয়ের এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।



