Friday, August 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ার নন্দীগ্রামে তৃতীয় শ্রেণির ছাত্রীকে কুপিয়ে হত্যা, আটক ১

স্থানীয়রা অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৯:৩৯ পিএম

বগুড়ার নন্দীগ্রামে খেলাধুলার সময় আমেনা খাতুন (৮) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবু হোসাইন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আমেনা খাতুন পাঠানপাড়া গ্রামের বাসিন্দা। সে স্থানীয় পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। আটক আবু হোসাইন একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আমেনা বাড়ির বাইরে খেলাধুলা করছিল। এ সময় আবু হোসাইন তাকে দা দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ কয়েকজন আবু হোসাইনকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

পুলিশ জানিয়েছে, আবু হোসাইন মানসিক ভারসাম্যহীন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার পরিবারের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ।

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, “আটক ব্যক্তিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। তিনি মানসিক ভারসাম্যহীন কি না, তা চিকিৎসকরা পরীক্ষা করে জানাবেন।”

তিনি আরও বলেন, “শিশুটির মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

   

About

Popular Links

x