Saturday, August 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে কুপিয়ে হত্যার আসামি কারাগারে

নিহত কন্যাশিশুর বাবা নন্দীগ্রাম থানায় অভিযুক্ত প্রতিবেশীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৪:৪৫ পিএম

বগুড়ার নন্দীগ্রামে খেলাধুলার সময় তৃতীয় শ্রেণির শিশুশিক্ষার্থীকে (৮) কুপিয়ে হত্যার ঘটনায় আটক প্রতিবেশি আবু হোসাইনের (৩৫) বিরুদ্ধে থানায় মামলার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে গণপিটুনীতে আহত আসামিকে চিকিৎসা শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ব্যক্তির বিরুদ্ধে নিহতের বাবা আনোয়ার হোসেন রাতে মামলা করেন।

পুলিশ জানায়, নিহত শিশু বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। সে স্থানীয় পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়তো। আটক আবু হোসাইন একই এলাকার বাসিন্দা।

শুক্রবার বিকেল ৩টার দিকে ওই শিশু বাড়ির বাহিরে খেলাধুলা করছিল। এ সময় তাকে দেখে হঠাৎ উত্তেজিত হয় আবু হোসাইন। দা দিয়ে তার শরীরে কোপ দেয় এবং লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, বিক্ষুব্ধ জনগণ হামলাকারী আবু হোসাইনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে জড়িত আবু হোসাইনকে হেফাজতে নেয়। এ ব্যাপারে নিহত শিশুর বাবা আনোয়ার হোসেন নন্দীগ্রাম থানায় আবু হোসাইনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা দাবি করছেন, আসামি মানসিক ভারসাম্যহীন। তবে তিনি মানসিক ভারসাম্যহীন কি না তা চিকিৎসক বলতে পারবেন। শিশুর মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x