জিম্বাবুয়েতে গির্জায় যাওয়ার সময় একটি মিনিবাসের সঙ্গে পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে ২৭ জন নিহত হয়েছেন। প্রাদেশিক সরকারের এক মন্ত্রী জানান, দুর্ঘটনাস্থলেই ২৩ জন নিহত হন। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজন মারা যান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসি নিউজ এ খবর জানিয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় সময় রাতে দেশটির চিভু শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত দুর্ঘটনাকবলিত যানবাহনের ছবিতে দেখা যায়, সংঘর্ষের পর মিনিবাসটিতে আগুন ধরে সেটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।
শনিবার (২৯ আগস্ট) পুলিশের মুখপাত্র পল নিয়াথি জানান, একটি জনপ্রিয় স্থানীয় আফ্রিকান খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা একটি সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। পথে একটি মহাসড়কে মিনিবাসটির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়।
তিনি বলেন, “রাজধানী হারারে থেকে ১৩২ কিলোমিটার দক্ষিণে চিভু শহরের কাছে ট্রাকটি একটি গাড়িকে ওভারটেক করার সময় মিনিবাসটির সঙ্গে সংঘর্ষ ঘটে।”
পুলিশ কর্মকর্তা নিয়াথি জানান, দুটি যানবাহনেই কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে জানা যায়নি।
এদিকে, জিম্বাবুয়েতে অতিরিক্ত যাত্রীবোঝাই বাস, মিনিবাস ও ট্যাক্সির দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। বেপরোয়া গাড়ি চালনা এবং সড়কের বেহাল অবস্থা এসব দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হয়।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশটিতে সড়ক দুর্ঘটনার ৯৪% মানুষের ভুলের কারণে ঘটে।
জাতিসংঘের আফ্রিকার জন্য অর্থনৈতিক কমিশনের (ইউএনইসিএ) তথ্য অনুযায়ী, আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বছরে প্রায় তিন লাখ মানুষ নিহত হন যা বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর প্রায় এক-চতুর্থাংশ। অথচ ১৫০ কোটি জনসংখ্যার মহাদেশ আফ্রিকায় বিশ্বের মোট যানবাহনের মাত্র ৩% রয়েছে।



