রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে বর্বরোচিতভাবে হত্যার মামলায় অভিযুক্ত আসামিদের পক্ষে কোনো আইনি লড়াই না চালানোর ঘোষণা দিয়েছে রংপুর জেলা আইনজীবী সমিতি।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানান।

সংবাদ সম্মেলনে আফতাব উদ্দিন জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ চারজনকে হত্যার ঘটনাটি অত্যন্ত নৃশংস ও নিকৃষ্টতম একটি অপরাধ। আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে জরুরি আলোচনা সাপেক্ষে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামিদের পক্ষে কোনো আইনি সহায়তা না দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, জেলা আইনজীবী সমিতি ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে এবং তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে সব ধরনের আইনি সহায়তা প্রদান করবে।

তিনি আরও উল্লেখ করেন, ঘটনার পরপরই পুলিশ তৎপরতা চালিয়ে দুই অভিযুক্তকে আটক করেছে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী লুণ্ঠিত স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে। আটক দুইজন ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশি তদন্ত ও গণমাধ্যমের সহযোগিতায় মামলার সার্বিক কার্যক্রম এখন পর্যন্ত সঠিক পথেই এগোচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন গুজবের বিষয়ে সতর্ক করে আফতাব উদ্দিন জানান, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি নিয়ে অনেকে নানা ভিত্তিহীন গল্প ও গুজব ছড়াচ্ছেন, এমনকি কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা করছেন। আইনজীবী সমিতির পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে, এই নির্মম ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের রাজনীতি বা গুজব না ছড়ান।

সংবাদ সম্মেলনে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর আইনজীবী সমিতির অ্যাডভোকেট সাহেদ কামাল ইবনে খতিব এবং জামায়াত সমর্থিত আইনজীবী অ্যাডভোকেট কাওছার আলীসহ স্থানীয় অন্যান্য জ্যেষ্ঠ আইনজীবী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।