রংপুরে শিক্ষক পরিবার হত্যা: জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সিদ্ধার্থের বাবা-ভাই 

রংপুর নগরীর মাসুয়াপাড়া মহল্লায় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ ৪ জনকে হত্যা মামলায় গ্রেপ্তার আসামি সিদ্বার্থ দাসের বাবা বিনয় দাস ও বড় ভাই পার্থদাসকে  টানা ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে রংপুর মহানগর ডিবি পুলিশ। 

শনিবার (২৯ আগস্ট) রাতে আটক করে মহানগর ডিবি পুলিশের সদস্যরা।

রংপুর মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী তাদের আটক করা এবং ছেড়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছে।

ডিবি পুলিশ জানায়, ২২ আগস্ট রাতে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধারের ঘটনার পরই পুলিশের হাতে গ্রেপ্তার হন দুই বন্ধু মুগ্ধ ও সিদ্ধার্থ। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে ৪ হত্যার সঙ্গে সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করার পর সিদ্বার্থ দাসের বাবা বিনয় দাস ও বড় ভাই পার্থদাসকে কার্যালয়ে ডেকে পাঠায় তারা। কিন্তু না এলে শনিবার রাতে তাদের বাসা থেকে আটক করে নিয়ে আসা হয়।

এ বিষয়ে রংপুর মহানগর ডিবি পুলিশের উপ পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, জিজ্ঞাসাবাদে সিদ্বার্থের বাবা ও বড় ভাইয়ের কাছে গুরুত্বপুর্ণ তথ্য পাওয়া গেছে সেসব তথ্য যাচাই-বাছাই করে দেখা হবে। আপাতত তাদের মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে আবারও তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।