৬ মাসে বাংলাদেশ থেকে দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া

আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। দেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই শ্রমিক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রবিবার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার মোহাম্মদ শুহদা বিন ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানের সাথে বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সচিব মো. শহিদুল হাসান।

বাংলাদেশে ইলেকট্রিক ভেহিক্যাল, সোলার প্যানেলে নবায়নযোগ্য বিদ্যুৎ, হালাল ফুড খাতে প্রায় দুই বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যাপারে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।  

প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে আলোচনা অনেক দূর এগিয়ে গেছে। প্রায় দুই লাখ শ্রমিক তারা নেবে। এরমধ্যে ১০,০০০ শ্রমিক বিনামূল্যে নেবে তারা।” 

প্রতিমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ থেকে যে জনশক্তি রপ্তানি হবে, সেটি সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে এটি পর্যায়ক্রমে শুরু হবে এবং আগামী ৬ মাসের মধ্যে এটি সমাপ্ত হবে বলে উনি (রাষ্ট্রদূত) জানিয়েছেন।” 

তিনি জানান, মালয়েশিয়ায় বাংলাদেশের ৮ লাখ নিবন্ধিত শ্রমিক রয়েছেন। তবে আনরেজিস্টার্ড কিছু শ্রমিক রয়েছেন, সেগুলো যাতে রেজিস্টার্ড হয় এ ব্যাপারে প্রধানমন্ত্রী তাকে (রাষ্ট্রদূত) অনুরোধ জানিয়েছেন।     

মন্ত্রী বলেন, “বাংলাদেশের প্রায় ১০,০০০ ছাত্র মালয়েশিয়াতে পড়াশোনা করে। মালয়েশিয়ারও প্রায় এক হাজার ছাত্র আমাদের দেশের ঢাকা মেডিকেল, ময়মনসিংহ মেডিকেলসহ বিভিন্ন মেডিকেলে তারা পড়াশোনা করে।”