রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে স্কুল শিক্ষকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে এক বার্তায় এ তথ্য জানায় র্যাব। এদিন বিকেল চারটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানানো হবে।
গ্রেপ্তার মূল সন্দেহভাজন হলেন, মো. পনি ওরফে প্যারা পনি। যদিও এ ঘটনায় গ্রেপ্তার অপরজনের নাম এখনো জানায়নি সংস্থাটি। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
শনিবার ভোরে চোখের চিকিৎসার জন্য ঢাকায় পৌঁছান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিলা পারভিন (৫৬)। সঙ্গে ছিলেন তার স্বামী আব্দুল মতিন। তারা খামারবাড়ি এলাকার ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যাচ্ছিলেন।
ভোর সাড়ে ৬টার দিকে তাদের রিকশা মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের রাস্তায় পৌঁছান তারা। সেই সময় মোটরসাইকেলে এসে দুই ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে রিকশা থেকে পড়ে যান রনজিলা। আহতাবস্থায় তাকে নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।