ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশে চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭ জন, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত। একই সময়ে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিন থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৩৯ জন। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৯৭ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৮৩ জনে।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৭৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ১৮৮ জন।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৪৫৯ জন। এ ছাড়া খুলনা বিভাগে ২৪৩ জন, বরিশালে ১২৩, চট্টগ্রামে ১১৬, ময়মনসিংহে ৮১ এবং রাজশাহীতে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।