জামিনে থাকা অবস্থায় হত্যার শিকার সিএমপির শীর্ষ দুষ্কৃতকারী ‘পিচ্চি জাহেদ’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর মধ্যে এক নম্বরে থাকা জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

রবিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকায় এ ঘটনা ঘটে। 

এ বছর ১৯ জানুয়ারি দিবাগত রাতে সাতকানিয়ার পুরানগড় এলাকায় সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অভিযানে ১০৪টি ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্রসহ জাহেদকে গ্রেপ্তার করা হয়ে। পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে যাওয়ার কয়েক মাসের মধ্যেই তাকে কুপিয়ে হত্যা করা হলো।

জানা গেছে, রাতে মোটরসাইকেল নিয়ে পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকার একটি সড়ক দিয়ে যাচ্ছিলেন জাহেদ। মোটরসাইকেলে যাওয়ার সময় পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সিএমপি সূত্র জানা গেছে, এ বছরের প্রথমদিকে, জননিরাপত্তার স্বার্থে নগরীতে ৩৩০ জন দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই তালিকার এক নম্বরে ছিলেন জাহেদুল ইসলাম। 

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।