ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পুরুষ ও এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি ত্রিশালের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ট্রাক নান্দাইলের দিকে যাচ্ছিল। ঠাকুরবাড়ির মোড়ে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন, ফয়জুল (৩৪), রুবেল (৩০), হৃদয় (২২) ও নাবিল (২২)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ফয়জুল ও রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ত্রিশাল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত চারজনকে গুরুতর অবস্থায় ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। সিআইডির ফিঙ্গারপ্রিন্ট টিম ঘটনাস্থলে আসছে। নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।



