দুপুরে বিদায় সংবর্ধনা, ভোরেই না ফেরার দেশে প্রধান শিক্ষক

অবসরজনিত বিদায় সংবর্ধনার সব প্রস্তুতি ছিল সম্পন্ন। দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রিয় প্রধান শিক্ষককে দেওয়া হতো বিদায় সংবর্ধনা ক্রেস্ট। কিন্তু সেই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগেই বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছাল তার মরদেহ।

যে কর্মস্থল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার কথা ছিল, সেখান থেকেই নিতে হলো চিরবিদায়।

হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

মৃত প্রধান শিক্ষকের নাম তপন কুমার সাহা (৫৯) সোমবার (৩১ আগস্ট) ভোরে চাঁদপুর শহরের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

তার সহকর্মী তানজিলা আক্তার জানান, সোমবার দুপুরে তপন কুমার সাহাকে বিদ্যালয় থেকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। এমনকি তার হাতে ক্রেস্ট তুলে দেওয়ারও আয়োজন ছিল। এর আগেই ভোরবেলা ফোনে খবর আসে, রাতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ রেখে গেছেন অসংখ্য গুণগ্রাহী।

তার মৃত্যুতে রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। যে বিদ্যালয় থেকে সম্মানের সঙ্গে অবসর নেওয়ার কথা ছিল, সেই বিদ্যালয়েই শেষবারের মতো তার মরদেহ পৌঁছানোয় সৃষ্টি হয় এক আবেগঘন শোকাবহ পরিবেশ।