নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক শিশুসহ আরও তিনজন। আহত ও নিহত সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দলন গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া (৩৮) এবং একই উপজেলার আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৪০)।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, জেলা সদর থেকে কেন্দুয়াগামী একটি ট্রাক রামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সাথে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশাচালক ওয়াজেদ ও যাত্রী লিজা আক্তার। দুর্ঘটনায় এক শিশুসহ আরও তিন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।



