চীন থেকে জে-১০ যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে যা জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

চীন থেকে জে-১০ যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, “যুক্তরাষ্ট্র, ইউরোপের তুলনায় চীনের আধুনিক মাল্টিরোল ফাইটার প্লেন কেনা বাংলাদেশের জন্য তুলনামূলকভাবে সহজ। এটি সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ বলেও উল্লেখ করেন তিনি। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ বলেন, চীনের থেকে নিলে একই ধরনের সক্ষমতার যুদ্ধবিমান তুলনামূলকভাবে অনেক কম খরচে কেনা সম্ভব। এমনকি হিসাব করলে খরচ অর্ধেকেরও কম, প্রায় এক-তৃতীয়াংশের কাছাকাছি হতে পারে।

এসময় তিনি বাংলাদেশের বিমানবাহিনীর বর্তমান সক্ষমতা নিয়েও কথা বলেন। তিনি বলেন, দেশের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানগুলোর মধ্যে থাকা মিগ-২৯ এখন খুব অল্পসংখ্যক এবং সেগুলোও পুরোপুরি কার্যকর নয়। অন্যদিকে এফ-৭ যুদ্ধবিমানগুলো অনেক পুরোনো। এটি হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নেওয়া নয়, বরং এটি সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ।”

এর আগে, গত ২৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর জন্য চীনের তৈরি যুদ্ধবিমান জে-১০সি কেনার পথে এগিয়ে যাচ্ছে সরকার বলে জানান তিনি।  ওইসময় তিনি সাম্প্রতিক ভারত-পাকিস্তান যুদ্ধে চীনের তৈরি যুদ্ধবিমানের কথা উল্লেখ করেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ হিসেবে পরিচিত রাফালকে ভূপাতিত করার পেছনে জে ১০ এর কথা বলেন তিনি।