যশোরের শার্শা উপজেলায় দুই শিশুপুত্রের মৃত্যুর পর কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে কামাল হোসেন ও তার দুই শিশুপুত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত দুই শিশু হলো পাঁচ বছর বয়সী সাবির ও প্রায় আড়াই বছর বয়সী জাবির। তাদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি তদন্তাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন। তার সাত সন্তান রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আগের দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সর্বশেষ স্ত্রীও পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে বাবার বাড়িতে চলে যান বলে জানা গেছে। এরপর সাবির ও জাবির বাবার সঙ্গে বাড়িতে ছিল।
মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, তাদের গলায় ফাঁসের চিহ্ন দেখা গেছে। একই সময়ে কামাল হোসেনকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করা অবস্থায় পাওয়া যায় বলে জানা গেছে।
খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। শিশু দুটির মৃত্যুর কারণ এবং কামাল হোসেনের আত্মহত্যার পেছনে কী কারণ ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কামাল হোসেন আত্মহত্যা করেছেন। একই ঘটনায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশু দুটির মৃত্যু কীভাবে হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ কী, তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।“