স্বরাষ্ট্রমন্ত্রী: মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে 

বাংলাদেশের মবের অপসংস্কৃতিকে শক্তভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেছেন, ‘‘আমরা খুব সজাগ আছি, সচেতন আছি। বাংলাদেশে মবের যে অপসংস্কৃতি সৃষ্টি হয়েছিল, এটাকে আমরা শক্তভাবে মোকাবিলা করব, ইনশাআল্লাহ।’’ 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে বিজিবি আয়োজিত সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার (এসএসএসডিডব্লিউ) উদ্বোধন ও ড্রোন প্রযুক্তির প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মব বা সংঘবদ্ধ জনতার হাতে আইন তুলে নেওয়ার ঘটনা মোকাবিলায় আলাদা কোনো আইনের প্রয়োজন নেই। বিদ্যমান সাধারণ আইনেই এ ধরনের ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘সীমান্তের দুর্গম এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান ঠেকাতে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো হবে। যেসব এলাকায় জনবল দিয়ে ম্যানুয়ালি নজরদারি করা সম্ভব নয়, সেখানে ডিজিটাল সার্ভেইলেন্স, নাইট ভিশন ও থার্মাল ড্রোন ব্যবহার করা হবে।’’ 

এসব প্রযুক্তির মাধ্যমে সীমান্তের ওপারের কর্মকাণ্ড পর্যবেক্ষণের পাশাপাশি চোরাচালান, মাদক ও অস্ত্র পাচারের মতো কর্মকাণ্ড শনাক্ত করা সম্ভব হবে বলে জানান তিনি। 

এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার (এসএসএসডিডাব্লিউ) উদ্বোধন করেন। পরে সীমান্ত নজরদারি ও নিরাপত্তায় ড্রোন প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রদর্শনী পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। 

উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, বিজিবি সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহউদ্দীন, সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, সিলেটের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক প্রমুখ।