বগুড়ায় মহাসড়কে বিকল হয়ে পড়া ট্রাক মেরামতের সময় গাড়ির ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়া সদর উপজেলার ইসলামপুর হারিগাড়ী এলাকার মামুন হোসেন (৩৫) ও অপরজন বগুড়ার নন্দীগ্রামের হানজালা (৩০)। তবে আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মহিপুর এলাকায় ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এসময় তিন ব্যক্তি সড়কে দাঁড়িয়ে ট্রাকটি মেরামতের কাজ করছিলেন। রাত সাড়ে ১১টার দিকে দ্রুতগতির একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে মহিপুর এলাকায় বিকল একটি ট্রাকের নিচে কয়েকজন ব্যক্তি মেরামতের কাজ করছিলেন। এ সময় অপর একটি গাড়ির ধাক্কায় ট্রাকটি উল্টে যায়। এতে তিনজন ট্রাকের নিচে আটকা পড়েন। প্রথমে গুরুতর আহত একজনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। পরে রেকার ভ্যানের সহযোগিতায় উল্টে যাওয়া ট্রাকটি সরিয়ে আরও দু’জনকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশ শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, বিকল ট্রাকটি ধাক্কা দেওয়া যানটি শনাক্ত ও এর চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দু’জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।