টাঙ্গাইলের সখীপুরে সড়ক থেকে আউয়াল শফী (৪৫) নামে এক স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।
বুধবার (সেপ্টেম্বর) দুপুরে নলুয়া-বাসাইল সড়কের বাছেত খান উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে সড়ক থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আউয়াল শফী উপজেলার বোয়ালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে নলুয়া-বাসাইল সড়কের বাছেত খান উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে আউয়াল শফীর লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। এ সময় তার মাথার মগজের কয়েকটি অংশ বিচ্ছিন্ন অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখা যায়। তার ব্যবহৃত মোটরসাইকেলটিও পাশে পড়ে ছিল।
পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় তিনি নিহত হয়েছেন এবং চালক দ্রুত পালিয়ে গেছেন।
এদিকে, নিহতের চাচাতো ভাই জিয়া হাবিব ও মাওলানা ফরিদ উদ্দিন দাবি করেন, লাশের গলা ও মাথার অবস্থা দেখে ঘটনাটি সাধারণ দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। তাদের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা পুলিশের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, “নিহতের মাথার মগজের তিনটি অংশ তিন জায়গা থেকে কুড়িয়ে একত্র করেছি। দ্রুতগতির কোনো যানবাহনের আঘাতে এ রকম হয়ে থাকতে পারে। তাই প্রাথমিকভাবে আমাদের কাছে এটি দুর্ঘটনাই মনে হচ্ছে।”
এ বিষয়ে সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, “নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”