জুলাই আন্দোলনের সময় হত্যার মামলায় কারাগারে থাকা একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) কারা অধিদপ্তরের ডিআইজি (স্বাস্থ্য) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্দ আখতার হাসিব দেওয়ান সংবাদমাধ্যমকে বলেন, “বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।”
এর আগে, রবিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।
মুন্সিগঞ্জ কারাগারে রূপা অসুস্থ হয়ে পড়ায় তাকে বিএমইউ হাসপাতালের প্রিজন সেলে স্থানান্তর করা হয় বলে কারা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেছেন।
ফ্যাটি লিভার ও স্ত্রীরোগসংক্রান্ত জটিলতায় তিনি ভুগছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন কারা অধিদপ্তরের মিডিয়া অফিসের কর্মকর্তা জেলার মাসুদ হাসান জুয়েল।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রূপা ও তার স্বামী একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়।
পরে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় পরের দিন তাদের ৪ দিনের রিমান্ডে পাঠায় আদালত।
পরে আদাবর থানায় পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং ৫ দিনের রিমান্ড হয়।
২০২৪ সালের ৩১ অগাস্ট তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
গত জুলাই মাসে ফারজানা রূপাসহ গ্রেপ্তারকৃত সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানায়- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর্টিকেল ১৯, সিভিকাস, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এবং হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।