শামা ওবায়েদ: নারীদের ডিজিটাল হয়রানি বন্ধে বৈশ্বিক প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ

নারীদের ডিজিটাল হয়রানি মোকাবিলায় বাংলাদেশ একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ঢাকায় একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক সিইডিএডাব্লিউ দিবসে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

তিনি বলেন, ‘‘আমরা একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করতে চাই, যার মালিকানা ও উদ্যোগ বাংলাদেশের থাকবে।’’ 

শামা ওবায়েদ বলেন, ‘‘প্রায় তিন মাস আগে সেনেগালে অনুষ্ঠিত ডাকার পিস অ্যান্ড সিকিউরিটি ফোরামে বাংলাদেশ ‘এন্ডিং ডিজিটাল হ্যারাসমেন্ট অ্যাগেইনস্ট উইমেন : ঢাকা ডায়ালগ’ শীর্ষক উদ্যোগটি উত্থাপন করেছে।’’ 

তিনি বলেন, ‘‘আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে সরকার ঢাকায় এ উদ্যোগের ওপর একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে।’’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘‘নারীদের ডিজিটাল হয়রানি একটি বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে, যা জাতীয় সীমারেখা অতিক্রম করেছে এবং এর জন্য সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন।’’ 

শামা বলেন, ‘‘সামাজিক যোগাযোগমাধ্যম কার্যত মূলধারার তথ্যপরিসরের অংশ হয়ে উঠেছে। তবে ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের লক্ষ্য করে হয়রানিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’’ 
 
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘‘নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন ১৩২৫-এর আলোকে বাংলাদেশ তৃতীয় জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ করছে।’’ 

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে শামা বলেন, ‘‘সরকার জেন্ডার বাজেটের আওতায় ৩ দশমিক ২৬ ট্রিলিয়ন টাকার বেশি বরাদ্দ দিয়েছে, যা জাতীয় বাজেটের প্রায় ৩৪ দশমিক ৮ শতাংশের সমান।’’ 

তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত নারী শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা, নারী উদ্যোক্তাদের সহায়তা এবং ইউনিয়ন পর্যায়ে প্রস্তাবিত নারী কল্যাণ কেন্দ্রসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।