সয়াবিন তেলের দাম বাড়লো কেন, জানালেন বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক বাজারদর দেশীয় উৎপাদন-প্রক্রিয়াকরণ ব্যয় বিবেচনায় নিয়েই ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মহাখালীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, “সয়াবিন তেল সম্পূর্ণভাবে আমদানিনির্ভর একটি পণ্য, ফলে বৈশ্বিক বাজারে দামের কোনো ওঠানামা সরাসরি প্রভাব ফেলে স্থানীয় বাজারে। আমদানি করা তেলের মূল্য নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সুনির্দিষ্ট ফর্মুলা অনুসরণ করা হয়।“

মন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী, এফওবি মূল্যের সঙ্গে জাহাজভাড়া, খালাস খরচ, বিমা, রিফাইনারি প্রক্রিয়াকরণ ব্যয় এবং পরিবহনের সময় হওয়া অপচয় যুক্ত করে দাম চূড়ান্ত করা হয়। তার দাবি, আন্তর্জাতিক ইনডেক্স অনুসরণ করলে সাধারণ মানুষও এই হিসাব যাচাই করতে পারবেন।

আমদানিকারকদের লোকসানের ঝুঁকি প্রসঙ্গে মন্ত্রী জানান, ভোজ্যতেল ব্যবসা মূলত বেসরকারি খাতনির্ভর, এবং ব্যবসায়ীরা দীর্ঘমেয়াদি লোকসানে পড়লে সরবরাহ সংকট দেখা দিতে পারে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে তাদের লাভ-লোকসানের হিসাবও মাথায় রাখতে হয় বলে মন্তব্য করেন তিনি।

এর আগে বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। আন্তর্জাতিক বাজারে দামবৃদ্ধি, আমদানি পরিবহন খরচ বিবেচনায় নিয়ে এই সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়।